দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য বিহারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন বলে দাবি উদ্ধারকর্মীদের। বৃহস্পতিবার (৩ মার্চ) স্থানীয় সময় মধ্যরাতে ভাগলপুরের তাতারপুর থানা এলাকার কাজভালিচকের একটি বাড়িতে ঘটনাটি ঘটে।
শুক্রবার (৪ মার্চ) প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে আশেপাশের অনেক বাড়ির দেয়ালেরও ব্যাপক রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এ সময় পাশের বাড়িতে ঘুমন্ত লোকজনও গুরুতর আহত হন।
এবারের বিস্ফোরণে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এলাকা কেঁপে ওঠে এবং চার কিলোমিটার পর্যন্ত এলাকায় বিস্ফোরণের প্রতিধ্বনি শোনা যায়। ঘটনার পরে স্থানীয় লোকজন ধ্বংসস্তূপ থেকে অনেককে উদ্ধার করলেও পুলিশ কয়েক ঘণ্টার পরিশ্রমের পর জেসিবির সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে নেয়।
ভাগলপুরের ডিএম সুব্রত কুমার সেন বলেছিলেন, যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল, সেখানে আতশবাজি তৈরি করা হতো। বিস্ফোরণের আসল কারণ কী সেটা তদন্ত শেষে জানানো হবে।
একই সময়ে প্রতিবেশীরা এবং আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আতশবাজি তৈরির আড়ালে ওই বাড়িতে বোমা তৈরি করা হত।
উল্লেখ্য, ভাগলপুরে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। যদিও প্রাথমিকভাবে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এখনো আরও অনেক মানুষের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে।